ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরদারি এলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশটির সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। গত শনিবার পাঞ্জাব রাজ্য সরকার এ মামলা করে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চার সপ্তাহের সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে জানায়Ñ এখন থেকে নিজেদের সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফের কর্মকর্তারা। আগে বিএসএফের নজরদারির এ আওতা ছিল ১৫ কিলোমিটার পর্যন্ত।
পাঞ্জাব সরকারের মামলার পর অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানানোর জন্য নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সরকারের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে। চার সপ্তাহ পর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, এর আগে এ তিনটি রাজ্যে সীমান্তের ১৫ কিলোমিটার এলাকায় বিএসএফের নজরদারির ক্ষমতা ছিল। কিন্তু ভারত সরকার সেই নজরদারির এলাকা ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করেছে। পাঞ্জাবের কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির সরকার এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
