রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় চতুর্থ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এদিকে শ্যামপুরের জুরাইনে আদ্-দ্বীন হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছিল। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
