হিন্দু আর হিন্দুত্ববাদী কারা ব্যাখ্যা দিলেন রাহুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১০:০৫ এএম

হিন্দু ও হিন্দুত্ববাদীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করলেন ভারতের সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

তিনি মহাত্মা গান্ধীকে হিন্দু আর তার হত্যাকারী নাথুরাম গডসেকে হিন্দুত্ববাদী বলেও অভিহিত করেন।

রবিবার রাজস্থানের রাজধানী জয়পুরের এক জনসভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে তুলোধুনো করেন রাহুল।

হিন্দুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন হিন্দু। কিন্তু আমি হিন্দুত্ববাদী নই। আপনারা যারা আছেন, সবাই হিন্দু। মহাত্মা গান্ধীও হিন্দু ছিলেন। কিন্তু নাথুরাম গডসে একজন হিন্দুত্ববাদী।’

রাহুল বলেন, ‘মহাত্মা গান্ধী সারাজীবন দিয়েছিলেন সত্যের সন্ধানে। সেখানে হিন্দুত্ববাদী গডসে তার বুকে তিনটি গুলি করেছিলেন।’

নিজের বক্তব্যের সপক্ষে রাহুল আরও বলেন, ‘আমি আপনাদের সামনে এই দুইয়ের পার্থক্য জানাতে চাই। হিন্দুদের পথ হলো সত্যের সন্ধান করা। তাতে আমরা মরতেও প্রস্তুত। ভাগবৎ গীতা হিন্দুদের সত্যানুসন্ধানের কথা বলে।’

‘অন্য দিকে হিন্দুত্ববাদীদের সত্যের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তারা কেবল ক্ষমতার পিপাসায় ভুগছে। তাদের অন্তরে ভরা ঘৃণাই তাদের একমাত্র ভয়’ যোগ করেন তিনি।

রাহুল এদিন তোপ দাগেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও। তিনি বলেন, ‘এ দেশ আর নেতারা চালান না। এখন তিন-চারজন পুঁজিপতি মিলে দেশ চালাচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত