দক্ষিণ লেবাননের এক শরণার্থী শিবিরে ফিলিস্তিন আন্দোলনের এক সদস্যের জানাজায় বন্দুকধারীদের গোলাগুলিতে হামাসের ৪ সদস্য নিহত হয়েছেন। রবিবার খবরটি নিশ্চিত করে গ্রুপটি।
হামাস কর্মকর্তা রাফাত আল-মুরা জানান, প্রতিদ্বন্দ্বী গ্রুপ ফাতাহ আন্দোলনের সদস্যরা বুর্জ আল-শেমালি ক্যাম্পের জানাজার মিছিলে এই হত্যাকাণ্ড ঘটায়। ৪ জন নিহত হওয়ার পাশাপাশি গোলাগুলিতে ৬ জন আহত হয়েছেন।
তবে লেবাননে ফিলিস্তিন রাষ্ট্রদূত আশরাফ দাবোর হামাসের অভিযোগ অস্বীকার করেছেন।
শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, গোলাগুলির পর ফাতাহ ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার হিসেবে, লেবাননে প্রায় ১ লাখ ৯২ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছে। তাদের অধিকাংশের বাস দেশটির ১২ শিবিরে।
শিবিরগুলোর ওপর নিয়ন্ত্রণ রয়েছে হামাস এবং ফাতাহ-সহ বেশ কয়েকটি সশস্ত্র ফিলিস্তিনি দলের।
