করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন।
গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছেন, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ, এটি দ্রুত ছড়ায়। যদিও এর প্রভাব করোনার ভারতীয় ধরন ডেলটা ধরনের মতো না।
র্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।
অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে কথা বলেছেন।
আজকের মন্ত্রিসভার বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২১, বাণিজ্য সংগঠন আইন, ২০২১ এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র আইন, ২০২১–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী মাসে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
