বাংলাদেশ জাতীয় হকি দলে ডাক পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সরোয়ার মোর্শেদ শাওন। এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১৭ তারিখ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচে বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে শাওনকে। তার জাতীয় হকি দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত যবিপ্রবি পরিবার।
এর আগে শাওন আর্জেন্টিনাতে অনুষ্ঠিত বয়স ভিত্তিক বাংলাদেশ অনুর্ধ-১৮ দলের হয়ে ইয়ুথ অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে মোহামেডান ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের সর্বোচ্চ লিগ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে।
জাতীয় দলে সুযোগ পাওয়ায় শাওন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে সবার স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমি প্রায় ১০ বছর ধরে হকির সঙ্গে জড়িত আছি। জাতীয় দলে খেলার জন্য অনেক ঘাম ঝরিয়েছি, অনেক ত্যাগ, বাধা পেরিয়ে আজ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাওন বলেন, ‘আমরা যখন কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি এবং লক্ষ্যে পৌঁছাতে পারি সেটা অনেক আনন্দের। যেহেতু আমি অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে আজ আমার লক্ষ্যে পৌঁছেছি অবশ্যই এটা আমার জন্য অনেক আনন্দের।’
ভবিষ্যতে দেশের হয়ে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে শাওন বলেন, দেশের সম্মান বাড়ানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ, শাওন নওগাঁ জেলার নিয়ামতপুরে জন্ম গ্রহণ করেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৬ সালে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন। এরপর ২০১৯ সালে ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে।
