মানিকগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঘিওর ও সাটুরিয়া উপজেলায় ২০ জনকে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভাপতি গোলাম মহিউদ্দীন বলেন, দলীয় পদ থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নের বহিষ্কৃতরা হলেন, বালিয়াটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, আওয়ামী লীগের সদস্য মীর আনিছুজ্জামান চৌধুরী।
তিল্লি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম খোকন ও আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ। ফুকুরহাটি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো. লিয়াকত আলী খান লাবু।
সাটুরিয়া ইউনিয়নে সাটুরিয়া উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর। দিঘুলিয়া ইউনিয়নে ইউনিয়ন সহসভাপতি মো. মতিউর হোসেন ও যুগ্ম সম্পাদক এটিএম আব্দুল জলিল। বরাইদ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাই ও উপদেষ্টা মো. মোশারফ হোসেন।
ঘিওর উপজেলার বহিষ্কৃতরা হলেন, ঘিওর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভপতি মুন্নু দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ লতা, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শরিফ মৃধা।
নালী ইউনিয়নের ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, নালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলশান খান দেলোয়ার।
সিংজুড়ি ইউনিয়নে উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ এবং বানিয়াজুড়ি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি মো. খলিলুর রহমান।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সাটুরিয়া ও ঘিওর উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক দুই উপজেলার ১০ জন করে মোট ২০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।
