নারী বিশ্বকাপে প্রথম ম্যাচে দ.আফ্রিকাকে পেল বাংলাদেশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ পিএম

বুধবার (১৫ ডিসেম্বর) নারী বিশ্বকাপের ১২তম আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

৪ মার্চ, আসরের ‍উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৩১ ম্যাচের এই বিশ্বকাপে চলবে ৩১ দিন। ফাইনাল হবে ৩ এপ্রিল, হ্যাগলি ওভালের ক্রাইস্টচার্চে।

আসরের দ্বিতীয় দিনে হ্যামিল্টনের সিডন পার্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। পরেরদিন তাউরাঙ্গার বে ওভালে মাঠে নামবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

বাংলাদেশের মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচও খেলবে ডানেডিনে। ৭ মার্চের এই খেলায় টাইগ্রেসদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

২০১৭ বিশ্বকাপের মতো এবারও আট দলের এই টুর্নামেন্ট হবে লিগ পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষে থাকা চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। সেমি ও ফাইনালের জন্য থাকছে একদিন করে রিজার্ভ ডে।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০২০ পর্যন্ত ওপরের দিকে থাকা চার দল— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত সরাসরি খেলবে বিশ্বকাপে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে কিউইরাও। বাছাইপর্ব পেরিয়ে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও পাকিস্তান।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি

৫ মার্চ - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন

৭ মার্চ - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন

১৪ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন

১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা

২২ মার্চ - বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন

২৫ মার্চ - বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন

২৭ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত