আশাশুনিতে চিংড়ি ঘেরে যুবকের বিক্ষত মরদেহ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বরফ কলের পেছনের একটি চিংড়ি ঘের থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, সকালে স্থানীয় একটি বরফ কলের পেছনের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। পরে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেন। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিহতের নাম গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।

নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে তার ভাই ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র ছেলেকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যায়। পরে ডাবলুকে তালাক দেন।

বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যান ডাবলু। রাতে বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় জালাল উদ্দিনের ছেলে রাশেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাদেরকে ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ।

ডাবলুর দু’চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নিচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত