মুলারের ৪৯ বছরের রেকর্ড ভেঙে দিলেন লেভানদোভস্কি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০:২৩ এএম

বায়ার্ন মিউনিখের জার্সিতে চলতি বছরে বুন্দেসলিগায় ৪৩তম গোল পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এক বর্ষপঞ্জিতে লিগে সর্বোচ্চ গোলে পোলিশ স্ট্রাইকার ভেঙে দিয়েছেন জার্ড মুলারের রেকর্ড।

১৯৭২ সালে বায়ার্নের জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন সাবেক জার্মান স্ট্রাইকার। আগের ম্যাচে স্টুটগার্ডের বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে ভাগ বসান লেভা। ৪২ গোল নিয়ে বায়ার্নের পোলিশ তারকা বসেন মুলারের পাশে।

এবার ভলসবুর্গের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভলি থেকে গোল করে রেকর্ডটি নিজের করে নেন লেভা। বছর শেষ হওয়ার আগে ঘরের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও পেল ৪-০ গোলের জয়।

সেই সঙ্গে লিগে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটাও ধরে রাখল বাভারিয়ানরা। যেখানে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯।   

ভলসবুর্গের বিপক্ষে ম্যাচটি ছিল জার্মানির শীর্ষ লিগে টমাস মুলারের ৪০০ তম। মাইলফলকে পা গড়ার ম্যাচে ৭ম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন তিনি। আরেক গোলে অ্যাসিস্টও করেন মুলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত