কারচুপি করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা হতে পারে এমন আশঙ্কায় আত্মহত্যার হুমকি দিয়েছেন দলটির এক বিদ্রোহী প্রার্থী।
ফেনী সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামছুল আরেফিন হুমকি দিয়েছেন।
গণসংযোগ শেষে শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে শুনতে পেয়েছি- আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা দিয়েছেন আগের মতো বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখলের পর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে।’
বিদ্রোহী প্রার্থী বলেন, ‘কেন্দ্র দখল করে যদি… কারচুপির চেষ্টা করা হয়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনে যে বিজয়ী হোক আমার কোনো আপত্তি নেই।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে জানিয়ে রাখতে চাই- কারচুপি করে নৌকার প্রার্থী জয়ী করার চেষ্টা করলে, আত্মহত্যা করে অন্যায়ের প্রতিবাদ করবো।’
শামছুল আরেফিন বলেন, ‘আমি ৪১ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম।’
এছাড়া অবৈধ অস্ত্র জব্দ ও উদ্ধার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ফেনীর পুলিশ সুপার ও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি।
সোনাগাজীর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের উম্মে রুমা, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শামছুল আরেফিন (ঘোড়া’, জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতীকের ফখরুদ্দিন ও স্বতন্ত্রী প্রার্থী আব্দুল মমিন খাঁন।
