করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই: অধ্যাপক নাজমুল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম

সম্প্রতি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।

দেশে করোনার সংক্রমণের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে অধ্যাপক নাজমুল বলেন, ‘সংক্রমণের নিম্নহারই আমরা দেখছি। গত এক সপ্তাহে ১ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন, যা আগের সাত দিনের তুলনায় ১২৬ জন বেশি। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা দুটি কম। অর্থাৎ পুরো সপ্তাহ ছিল স্বস্তির।’

কিন্তু এই কম সংখ্যায় আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, ‘বিদ্যুৎগতিতে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে। ওমিক্রনের যে বিষয়টি ভাবিয়ে তুলেছে সেটি হলো, এটি দ্রতুগতিতে ছড়ায়। আমাদের সবার নজর ওমিক্রনের দিকে।’

তবে নাজমুল ইসলাম বলেন, ‘যদি আমাদের প্রস্ততি ভালো থাকে, তবে ওমিক্রন মোকাবিলা করা সম্ভব।’

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংকালে অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম এসব বলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের নারী ক্রিকেটাররা যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তারা একেবারেই সুস্থ। তাদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে। সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পেলেই তাদের দ্রুত নিজ নিজ বাসগৃহে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারি।’

জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে তা মাঝপথেই স্থগিত হয়ে যায়। দলটি ১ ডিসেম্বর দেশে ফেরে।

গত ৬ ডিসেম্বর জানা যায়, জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তারা ওমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য করোনার ভারতীয় ধরন ডেলটায় আক্রান্ত হন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত