জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মো. নূরুল ইসলাম (সোনাই ) মারা গেছেন। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় বাসের স্টিয়ারিং হাতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায় ।
জানা যায়, বাসচালক নুরুল ইসলাম সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে চা খেয়ে মিরপুরে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে যান। বাসের ড্রাইভিং সিটে থাকা অবস্থায় তিনি হঠাৎ স্টিয়ারিংয়ের ওপর শুয়ে পড়েন। সেখান থেকে দ্রুত মিরপুর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সকালেই তিনি বাস নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। কিছুক্ষণ পর আমাদের কাছে খবর আসে ড্রাইভার সোনাই আর নেই। আমরা দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসি। এখান থেকে যাবতীয় কার্যক্রম শেষে ক্যাম্পাসে নেয়া হয়। মরহুমের জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
তিনি বলেন, পরিবহন পুলের সবার কাছে অনেক প্রিয় ছিলেন নুরুল ইসলাম সোনাই ।
