আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ পিএম

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ভবিষ্যতে আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হয়ে মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। 

তিনি বলেছেন, ‘আপনাদের সবাইকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তীতে বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ইসলামী মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিদিশা বলেন, ‘এরশাদের নীতি আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই যেখানে সবাই ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে। এরশাদ ছিলেন একজন সৈনিক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ মাতৃভূমির জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিলেন তিনি। আমরা তারই উত্তরসূরী এবং যেকোনো মূল্যের বিনিময়ে এ দেশ ও জনগণের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করছি। বাংলাদেশ আপন দক্ষতায় স্বনির্ভর উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে যার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ দারিদ্র বিমোচন এবং উন্নয়নের পথ দেখেছিল।’

তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন। মরহুম রাষ্ট্রপতি এরশাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তার নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আপনাদের সবার সহযোগিতায় আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ্।’ 

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে বিদিশা এরশাদ বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই। দোয়া করবেন যেন নতুন বছরে আপনাদের সবাইকে নিয়ে দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।’

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ ইসলামী মহাজোটের নেতারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত