চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। আহতদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, নগরীর নাসিমন ভবনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ফটিকছড়ি উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এতে প্রধান অতিথি ছিলেন। সম্মেলন অনুষ্ঠানের প্রতিনিধি মনোনয়ন নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল উত্তর জেলা বিএনপির সদস্য আজিম উল্লাহ বাহার ও ফটিকছড়ি উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক সরোয়ার আলমগীরের সমর্থকদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন শুরুর আগে থেকে সরোয়ার আলমগীরের কর্মী সমর্থকরা সম্মেলন স্থলে অবস্থান নেন। পরে আজিম উল্লাহ বাহারের কর্মীরা সেখানে ঢুকতে চাইলে দু’পক্ষে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুঁড়ি শুরু হয়। বিকেল সাড়ে ৩টা থেকে চারটা পর্যন্ত উভয় পক্ষে সংঘর্ষ চলে। দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপেও তারা নিবৃত্ত হয়নি। পরে গোলাম আকবর খন্দকার সম্মেলন স্থগিত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে জেলা বিএনপির সদস্য আজিম উদ্দিন বাহার দেশ রূপান্তরকে বলেন, সরোয়ার আলমগীর বহিরাগত লোকজন নিয়ে এক ঘণ্টা আগে থেকে সম্মেলনস্থল দখল করে রাখে। আমাদের লোকজন সেখানে যেতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ইঙ্গিতে এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ফটিকছড়ি উপজেলা বিএনপির একাংশর আহ্বায়ক সরোয়ার আলমগীর দেশ রূপান্তরকে বলেন, আজিম উল্লাহ বাহার তার নিজস্ব লোকজন নিয়ে প্রতিনিধি সম্মেলনের নামে মনগড়া একটি কমিটি গঠন করতে চেয়েছিল। আমাদের লোকজন সেখানে যাবার পর তাদের ওপর আজিম উল্লাহ বাহারের ভাইয়ের নেতৃত্বে হামলা হয়। এতে অন্তত ২০ আহত হয়েছে। আহতদের মধ্যে মো. আলম নামে একজনের অবস্থায় আশংকাজনক।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত