চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফের গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফ’র গুলিতে মারা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে মঙ্গলবার রাত আড়াইটায় দিকে এই ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আমির হোসেন মোল্লা জানান, ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পরে বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত