সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌরমেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রত্না (হান্নান), উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, বেলকুচি থানা ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শুরুতেই বেলকুচি পৌরমেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, সায়দাবাদ টু এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচির প্রাণকেন্দ্র মুকুন্দগাতী দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যানজট নিরসনে রেজুলেশনের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য আহ্বান জানান তিনি।
সভায় গত ২৮ শে নভেম্বর বেলকুচি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জানানো হয়। আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে মাদক নির্মূল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবিও জানানো হয়।
