‘রাজবন্দীর জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৮:৩১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী প্রযোজিত ‘রাজবন্দীর জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ডকুফিল্মটি পরিচালনা করেছেন পিয়ার মোহাম্মদ।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, লেখক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ। স্বাগত বক্তব্য দেন বাঁশরী’র সাধারণ সম্পাদক জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ডকুফিল্মটির পরিচালন পিয়ার মোহাম্মদ।

ডকুফিল্ম প্রসঙ্গে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “নজরুলের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে। সৃষ্টিকর্তা ছিলেন নীরবে ও নিভৃতে। সেখানে নজরুল বলেছেন, ‘আমার বিচার যখন তোমরা করবে এবং আমার বিপক্ষে যে বিচারক থাকবে তার তো স্বার্থ, লোভ লালসা থাকবে। কিন্তু আমার পক্ষের বিচারক যে সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন নিঃস্বার্থ।’ এইখানে (রাজবন্দীর জবানবন্দি) নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসেবে ধরেছেন।”

জাকির হোসেন বলেন, ‘ধূমকেতু যখন নিষিদ্ধ হয় তখন ১১ বছরের বালিকা লিরার লেখাও নিষিদ্ধ করা হয়, কবি নজরুল তখন লিরাকে সাধুবাদ জানান। ধূমকেতু পত্রিকা ছাপার পরে নজরুল বলেছেন, আমি বেআইনি করেছি স্বীকার করেছি। কিন্তু আমি অন্যায় করিনি। নজরুল সব সময় সত্যের পথে ছিলেন। স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি অনেক গান ও কবিতা রচনা করে উদ্বুদ্ধ করেন।’

পরিচালক পিয়ার মোহাম্মদ বলেন, ‘এই ডকুফিল্মে বেশ কয়েকজন মেধাবী অভিনয় শিল্পী কাজ করেছেন। তাদের বেশির ভাগই থিয়েটার চর্চায় যুক্ত। আমরা চেষ্টা করেছি সবাই মিলে একটা ভালো কাজ করতে। আশা করি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এই ডকুফিল্মটি। নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’কে ধন্যবাদ জানাই, তারা এটি প্রযোজনা করার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত