সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে করুন ও মর্মস্পর্শী বলে অভিহিত করে বিএনপি বলেছে, এই হৃদয়স্পর্শী ঘটনাটি দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
দলটি বলেছে, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট চলছে। কোথাও নিয়মকানুনের কোনো বালাই নেই। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে ১০০০ এর মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ বেদনায় শোকাহত। এই শোক সহজে সহ্য করার মতো নয়।’
তিনি বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিহীন সরকারের খামখেয়ালিপনায় সড়ক, রেল ও নৌপথে নৈরাজ্য যেন স্থায়ী আসন করে নিয়েছে। দলবাজি ও দুর্বৃত্তপনার জন্যই বিভিন্ন সেক্টরে এখন মাফিয়াদের রাজত্ব কায়েম হয়েছে।’
বিবৃতিতে লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন মির্জা ফখরুল। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।
