লক্ষ্মীপুরে রাকিবুল হাসান মুন্না নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুরে এলাকার দিঘলী-দাসেরহাট সড়কের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মুন্না ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। পেশায় গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ী। এ ছাড়া ইউপি নির্বাচনে তিনি ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেনের (আনারস) কর্মী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
মুন্নার বাবা কবির হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার ছেলে দিঘলী বাজার থেকে রমাপুরে মোটরসাইকেল একজনকে নামিয়ে দিতে যান। এরপর আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। রাত আড়াইটার দিকে তারা জানতে পারেন, মুন্নার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
নৌকার প্রার্থী শেখ মজিবুর রহমানের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তার।
মোটরসাইকেলটি দিঘলী-দাসেরহাট সড়কের ওপর পাওয়া যায়। বিষয়টি থানায় অবহিত করলে শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে,সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিখোঁজ মুন্নারও খোঁজ চলছে।
