নির্ভেজাল ওষুধ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে মেডিপস অ্যাপস।
রাজধানীর একটি হোটেলে গত বুধবার ওষুধ শিল্প নিয়ে কাজের লক্ষ্য নিয়ে মেডিপস সফটওয়্যারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অধিদপ্তরের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোস্তাফিজুর রহমান বলেন, সঠিক ওষুধটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবে এই অ্যাপ।
অনুষ্ঠানে সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, ডিজিটাল কানেকটিভিটিকে শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মাধ্যম বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি বাজারে নকল ও ভেজাল ওষুধ আসা বন্ধ হবে।
বক্তারা আরও বলেছেন, সঠিক মেডিসিনটি রোগীর কাছে পৌঁছে দিতেও এই সফটওয়্যার কাজ করবে। এই অ্যাপটি শুধু উদ্যোক্তাদের নিকট সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের প্রয়োজনে এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে পালস টেক লিমিটেড তাদের ডিভাইস পার্টনার হওয়ার জন্য ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের (স্যামসাং বাংলাদেশ) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
পালস টেক লিমিটেডের লক্ষ্য স্থানীয় এবং বিশ্বব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতির জন্য ইনোভেটিভ সফটওয়্যার তৈরি এবং প্রসার ঘটানো। তারাই বাংলাদেশের প্রথম কোম্পানি যারা একটি ডিজিটাল হেলথকেয়ার ইকোসিস্টেম তৈরি করার উদ্দেশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কাজী আশিকুর রসুল ও সহ-প্রতিষ্ঠাতা আরেফিন রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
