রাজধানীতে বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
ধর্মঘটের আগে রবিবার (৪ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এর ধারাবাহিকতায় সোমবার প্রধান সড়কগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা চলাচল বন্ধ থাকায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। বিশেষ করে যেসব এলাকায় অটোরিকশার ওপর মানুষের যাতায়াত অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে।
অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। ধর্মঘট ও অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
অটোরিকশাচালকদের দাবি, ঢাকার বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
‘গ্রহণযোগ্য নীতিমালা’র আগে রিকশা গ্যারেজে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়ে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল সমাবেশ করেন অটোরিকশা চালকরা। এতে শত শত অটোরিকশা চালক সমবেত হন।