নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে পরাজিত বেশ কয়েকজন প্রার্থী দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালা ভেঙে তাদের উদ্ধার করেন।
গতকাল রবিবার সন্ধ্যায় ফতুল্লা ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডে পরাজিত সদস্য প্রার্থী পারভেজ পৌষা পুকুরপাড় ফোরকান মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ আনসার সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। ৯৯৯-এ সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করেন। পারভেজ ও তার সমর্থকরা পালিয়ে যান।
এদিকে গতকাল প্রায় একই সময়ে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাপা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত সদস্য প্রার্থী সোহেল, শাহীন, শামীম ও সংরক্ষিত (১, ২, ৩ নং ওয়ার্ড) নারী সদস্য প্রার্থী বিউটি আক্তার ও তাদের সমর্থকরা ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরাজিত প্রার্থী ও সমর্থকরা স্কুলের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে পুলিশ, র্যাব ও বিজিবি লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় ও অবরুদ্ধদের উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
