বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল জলিল (৭৬) মারা গেছেন। সোমবার সকালে রামপাল উপজেলার গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
শেখ আব্দুল জলিল মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর ডেপুটি আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি এরশাদ সরকারের সময়ে উপজেলা পরিষদ গঠন হলে প্রথম রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি রাজনৈতিক সচেতন ও মুক্তমনা ও প্রগতিশীল মানুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তার একমাত্র ছেলে শেখ সাদী বর্তমানে রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ছিলেন মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠক। মুক্তিযুদ্ধের সময়ে তিনি মুজিব বাহিনীর জেলার রামপাল ও মোংলার আঞ্চলিক কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
জলিলের ছেলে রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর বাবার হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার রামপাল উপজেলা কোর্ট চত্বরে গার্ড অব অনার দেয়ার পর আছরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
