সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১১ কেজি সোনাসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা চার যাত্রীর কাছ থেকে সোনার চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার (ডিসি) মো. আল-আমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আটকদের কাছ থেকে একটি করে সোনার আয়রন (ইস্ত্রি), জুসার মেশিন ও এয়ার কমপ্রেশার জব্দ করা হয়। এগুলো সোনা গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দ করা সোনার পরিমাণ ১১ কেজি ২২০ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরেকটি হোয়াইট গোল্ড পাওয়া গেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
×
