ব্যালটে সিলের বদলে লেখা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪০ এএম

ব্যালট পেপারে সিল মারার পরিবর্তে কলম দিয়ে লিখে দেওয়া হয়েছে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’। ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্য চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় ভোট গণনার সময় সিলের পরিবর্তে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লিখা দুটি ব্যালট পাওয়ার কথা জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মহিউদ্দিন খোন্দকার বলেন, ‘ভোট গণনার সময় সিলের পরিবর্তে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লিখা দুটি ব্যালট পেপার পাওয়া গেছে। চেয়ারম্যান পদে একটি ও সাধারণ সদস্য (মেম্বার) পদের একটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ কলমের কালিতে লিখা। পরে ব্যালট দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।’

প্রিসাইডিং কর্মকর্তা মো. ফোরকান মোল্লা বলেন, ‘এ কেন্দ্রে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১ হাজার ৮৯২টি ও বাতিল হয়েছে ৪৭টি।’

চরচান্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের প্রার্থী ১ হাজার ২৯০ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৩৬ ভোট। তবে সব কেন্দ্র মিলে নৌকার প্রার্থী মোশাররফ হোসেন মিলন ৮ হাজার ৩৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ৫ হাজার ৩৭০ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত