ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের একটি বাঁশবাগান (জঙ্গল) থেকে এক কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই বাঁশবাগান মেয়েটির বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ দূরে। বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মধ্য রাতের কোনো এক সময় ওই কিশোরী নিখোঁজ হয়। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলছে।
নিহত কিশোরীর নাম মারুফা আক্তার (১৪)। তিনি কদম রসুলপুর গ্রামের হতদরিদ্র কৃষক মজিবর রহমানের মেয়ে।
মারুফা ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ময়লার জঙ্গল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর শরীর পুড়িয়ে ফেলা হয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। যেহেতু পোড়া লাশ তাই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না ধর্ষণ হয়েছে কিনা।
লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।
