শিশুদেরকে শৈশব থেকে প্রযুক্তির সাথে পরিচিত করাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ার প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, যেকোনো প্রযুক্তির ভালোমন্দ দুটি দিক থাকে। আমাদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে। প্রযুক্তিবান্ধব হতে হবে, যুগের চাহিদাও তাই। আমাদের শিশুদেরকেও একেবারে শৈশব থেকেই প্রযুক্তির সাথে পরিচিত করাতে হবে।
‘কোডিং, প্রোগ্রামিং শিখাতে হবে কম বয়স থেকে। তা না হলে চতুর্থ শিল্প বিপ্লবে টিকেই থাকতে পারবে না তারা। কিন্তু আমরা চাই তারা এই বিপ্লবের সফল অংশীদার হবে।’
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অতিমারি এমন একটি বাস্তবতা, যেটিকে আমাদের স্বীকার করা না করার কোনো সুযোগ নেই। এর কারণে বিশ্বব্যাপী একটি ধাক্কা লেগেছে। সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রে ধাক্কা লেগেছে। আগামী শিক্ষাবর্ষে যদি অতিমারির ছোবল না পড়ে, তাহলে আমরা পরিকল্পনা করছি শিক্ষার্থীদের এ ঘাটতিটুকু পুষিয়ে নেয়ার।’
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেখুন সব জায়গায় তো একই রকম না। একেক জায়গায় হয়তো একেক রকম ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। প্রার্থী মনোনয়ন যদি সঠিক হয়, সেখানে আমরা দেখেছি নৌকাই বিজয়ী হয়েছে। কারণ নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে।’
তিনি বলেন, যেখানে নৌকা বিজয়ী না হয়ে আমাদের দলের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হচ্ছে, সেখানে বুঝে নিতে হবে হয়তোবা আমাদের তৃণমূল বা উপজেলা জেলা থেকে মনোনয়নের যে সুপারিশ পাঠানো হয়েছে। হয়তো সেই সুপারিশ কিছুটা ত্রুটিযুক্ত ছিল। কিন্তু তার পরেও এখনো পর্যন্ত বেশির ভাগ জায়গায় নৌকা বিজয় লাভ করেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নব-নির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
গত ১১ নভেম্বর চাঁদপুর সদরের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ও ৫ ডিসেম্বর গেজেট প্রকাশ হয়।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- বিষ্ণপুর ইউনিয়নের নাছির উদ্দিন খান শামিম, আশিকাটি ইউনিয়নের বিল্লাল মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউনিয়নের আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের রফিক উল্ল্যাহ মাষ্টার, চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু।
