নাসিক নির্বাচনে কাউন্সিলর পদে ২ ভাইয়ের লড়াই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। নগরীর ২৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা।

তারা হলেন মোজাম্মল হক এবং আনোয়ার হোসেন আনু।

গতকাল মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দকালে মোজাম্মেল হক পেয়েছেন ঠেলাগাড়ি আর তারই ছোট ভাই আনোয়ার হোসেন আনু পেয়েছেন টিফিন ক্যারিয়ার।

স্থানীয়রা জানান, ২০১১ সালে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আনোয়ার হোসেন আনু। পরবর্তীতে বড় ভাইকে সুযোগ দিয়ে ২০১৬ সালে আর নির্বাচন করেননি ছোট ভাই। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরে যান মোজাম্মেল হক। আসন্ন ১৬ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এবার দুই ভাই কেউ কাউকে ছাড় দেননি। দুজনেই প্রার্থী হয়েছেন। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা।

জয়ের বিষয়ে আশাবাদী মোজাম্মল হক জানান, গত নির্বাচনে তাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। এবার তিনি ঠিকই জিতবেন।

অপরদিকে ছোট ভাই সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনুও জয়ের ব্যাপারে আশাবাদী। বড় ভাই প্রার্থী হলেও তার নির্বাচনে প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের জানিয়েছেন এই কাউন্সিলর প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত