চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ‘মূল হোতা’কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম (৩৩)। তিনি নব্য জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বুধবার ভোরে পোর্ট লিঙ্ক রোডের বাংলাবাজার এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকায় তরুলতা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত আবু তালেবের ছেলে। সেলিম পেশায় কাপড়ের দোকানের কর্মচারী।
গ্রেপ্তারের পর গতকাল সকাল ১০টার দিকে সেলিমকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।
