নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান, ২০০ তরুণ কবির কবিতা সংকলন ‘বন্ধুত্ব’-এর প্রকাশনা, কথামালা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান।
এই অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাব-সেক্টর কমান্ডার সরিত কুমার লালা, সমাজসেবক আনোয়ার হোসেন খান, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ পাঁচজন মুক্তিযোদ্ধাকে বঙ্গীয় সম্মাননায় ভূষিত করা হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
