রাহুলের নেতৃত্বে খেলবে ভারত, ৫ বছর পর ফিরলেন অশ্বিন

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০১:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে লোকেশ রাহুলের হাতে নেতৃত্ব দিয়ে শুক্রবার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন রোহিত। যার ফলে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজে নেই তিনি। পুনর্বাসনে আছেন রোহিত।

ওয়ানডে সিরিজে রাহুলের সহকারী করা হয়েছে পেসার জসপ্রীত বুমরাহকে। আর প্রায় পাঁচ বছর পর দলে ফিরলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১৭ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ খেলোয়াড়। রুতুরাজ গাইকওয়ার্ড, ওয়াশিংটন সুন্দর ও ভেঙ্কটেশ আয়ার সম্প্রতি শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে মুগ্ধ করেছেন বোর্ডকে।

এই সিরিজে চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের। অতিরিক্ত পরিশ্রমের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ শামিকে।

ভারত স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকওয়ার্ড, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আয়ার, ঋষভ পন্ত, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, যুজুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ভূবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রাসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত