জম্মু-কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে ফের গৃহবন্দি করা হয়েছে। সীমা নির্ধারণ কমিশনের বিরুদ্ধে তারা একটি বিক্ষোভ-প্রতিবাদের প্রস্তাব দিয়েছিলেন। বিক্ষোভ ঠেকাতেই তাদের গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ শ্রীনগরের গুপকার রোডে অবস্থান করছিলেন। উচ্চ নিরাপত্তাবেষ্টিত ওই এলাকা সিল করা হয়েছে। পুলিশ ওই এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর গাড়ি মোতায়েন করেছে। ফলে রাজনৈতিক নেতাদের বাড়িতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। সম্প্রতি জম্মু -কাশ্মীরের বিধানসভায় প্রকাশিত সীমা নির্ধারণ কমিশনের আসন বণ্টনের বিষয়ে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে গুপকার জোট। ওই কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু প্রদেশের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে, যা উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাতে গ্রহণযোগ্য নয়।
×
