সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শনিবার বেলা ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি।
শ্রদ্ধা নিবেদনের সময় আপিল বিভাগের বিচারপতিরা ছাড়াও তার সঙ্গে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্তের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
