শেরপুরে হাতি হত্যা মামলার দুই আসামি কারাগারে

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৬:২১ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় হাতি হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মো. সমেজ উদ্দিন (৪৫) ও শাহজালাল (৪৪)।

রবিবার এই দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে প্রথমে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।পরে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বন মামলার পরিচালক মো. আবদুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন। হাতি মৃত্যুর ঘটনায় জেলায় এটিই প্রথম হত্যা মামলা বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

তিনি জানান, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের সীমান্তঘেঁষা মালাকোচা এলাকায় একটি মরা হাতি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজিবাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যাওয়ার সত্যতা পাওয়া যায়।

পরে বন বিভাগ, শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে গত ১৮ নভেম্বর ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬-এর(১) ধারায় আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরের বন আদালতে হত্যা মামলা করেন।

মামলার অন্য দুই আসামি আমির উদ্দিন ও আশরাফুল পলাতক। তাদের বিরুদ্ধে বন আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত