জয় দিয়ে নতুন বছর শুরু করল বার্সেলোনা। মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।
সেই সঙ্গে জয়ে ফেরা বার্সা লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা পিছিয়ে ১৫ পয়েন্ট।
বার্সার জয়সূচক গোলটি করেছেন লুক ডি ইয়ং। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে অস্কার মিঙ্গুয়েজার ক্রস থেকে হেডে মায়োর্কার জাল খুঁজে নেন এই ডাচ স্ট্রাইকার। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় বার্সা। লা লিগায় এর আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষ ড্র করেছিল তারা।
চোট ও করোনায় আক্রান্ত হওয়ায় একাদশে বেশ কয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাননি জাভি। তবে সুযোগ পেয়ে মায়োর্কার মাঠে আলো ছড়িয়েছেন ডি ইয়ং। প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠেন তিনি। প্রথমার্ধে দু’টি গোলের সুযোগও পান। তার একটিতে নেন বাইসাইকেল কিক।
চোট ও করোনায় মোট ১৭ জন খেলোয়াড়কে এই ম্যাচটিতে পায়নি বার্সা। তার মধ্যে আছেন দানি আলভেস, ওসমানে দেম্বেলে, জর্দি আলবা, ফিলিপে কুতিনহো ও সের্জিনা দেস্তও। আক্রমণভাগে ছিলেন না আনসু ফাতি ও মেমফিস ডিপাইও।
তবে তাদের অভাব বুঝতে দেননি ডি ইয়ং। অথচ জাভির কৌশলের সঙ্গে না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়ারও জল্পনা-কল্পনা চলছে। চলতি মৌসুম শুরুর আগে সেভিয়া থেকে ধারে ক্যাম্প ন্যুয়ে আসেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার।
ডি ইয়ংকে যিনি এনেছিলেন সেই কোচ রোনাল্ড কোম্যানও বিদায় নিয়েছেন বার্সা থেকে। কাতালানদের দায়িত্ব নিয়েছেন জাভি। নতুন কোচের অধীনে সুযোগ না পেয়ে দলে এক প্রকার ‘অপাঙক্তেয়’ হয়ে পড়েছিলেন ডি ইয়ং। তবে সুযোগ আসতেই তা কাজে লাগিয়ে জানিয়ে দিলেন, প্রয়োজনে জ্বলেও উঠতে পারেন তিনি।
