প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৩:০৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলিতে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী সেই অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার রাতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু কালাম (৩৮)। তিনি ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকির মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রবিবার রাতেই আবু কালামকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম জানান, পিস্তলটি তার বোনের বাসায় আছে। তারপর তাকে নিয়ে তার বোনের বাসায় যাওয়া হয় এবং তার দেখানো স্থান থেকে একটি কালো রঙের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, প্রভাব বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে কিশোর গ্যাং লিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্টি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। ওই সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। তখন ফরহাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু কালাম ও তার লোকজনদের ধাওয়া করে। এ সময় আবু কালাম তার হাতব্যাগ থেকে একটি কালো রঙের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করে।

 এ দৃশ্য ওই সামাজিক সংগঠনের অফিসের সিসিটিভিতে ধরা পড়ে। এরপর সেখান থেকেই ওই ভিডিও রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত