জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২টি স্মারক ডাকটিকেট উন্মোচনসহ বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে অস্ট্রিয়া।
দেশটির রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ান পোস্ট কর্তৃক ২টি স্মারক ডাকটিকেট উন্মোচন অনুষ্ঠানে এই টিকা হস্তান্তর করা হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো গ্রহণ করেন।
এর আগে পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিয়েনা ও ঢাকা থেকে ডাকটিকেট ২টি উন্মোচন করেন।
এ সময় লনস্কি-টিফেন্থাল উল্লেখ করেন, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন।
তারা ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
