ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে চলমান উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই দেশে কিছুদিন ধরে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেখা যায়, একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ১৯ হাজার ৯৮০ নমুনা পরীক্ষা করে ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে আর খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ১৪০। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন।
