দিল্লিতে করোনা শনাক্ত হওয়া ৮৪ শতাংশ ব্যক্তির শরীরে ওমিক্রনের ধরন পাওয়া গেছে। গত বৃহস্পতি ও শুক্রবার পাঠানো নমুনার জিনোম সিকোয়েন্স করে এ ফল পাওয়া গেছে। গতকাল সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন পিটিআইকে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী দিল্লি বিধানসভায় বলেছেন, গত বৃহস্পতি ও শুক্রবার তিনটি ল্যাবে জিনোম সিকোয়েন্স করে এ তথ্য পাওয়া গেছে। ল্যাব তিনটি হলো ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস, লোক নায়েক হসপিটাল এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। সেখানে ৮৪ শতাংশ নমুনায় ওমিক্রন পাওয়া গেছে।
এদিকে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে নতুন করে চার হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এখন পর্যন্ত ভারতের ২৩টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অন্তত ৫১০ জন করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়েছে। আর ৩৫১ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
গত রবিবার দিল্লিতে ৩ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হয়। এ হার আগের দিন শনিবারের তুলনায় ১৫ শতাংশ বেশি। এদিন করোনায় সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। দিল্লিতে রবিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ তথ্যে ২৫ হাজার ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
