পটুয়া কামরুল হাসানের শিল্পকর্মের প্রদর্শনী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:২৭ এএম

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং পটুয়া কামরুল হাসানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে পটুয়া কামরুল হাসানের শতচিত্রের বিশেষ প্রদর্শনী। গতকাল সোমবার প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় জাদুঘরের কিপার (সম) ড. বিজয় কৃষ্ণ বণিক জানান, এযাবৎ শিল্পীর ১ হাজার ৮৪৫টি শিল্পকর্ম সংগ্রহ করেছে জাদুঘর। যার মধ্য থেকে বাছাই করা ১০০টি শিল্পকর্ম জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ^সভ্যতা বিভাগ আয়োজিত এই প্রদর্শনী চলবে ৩-১৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত। শনি-বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা এবং শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।

প্রদর্শনীতে শিল্পী কামরুল হাসানের স্কেচ, প্যাস্টেল রং, পোস্টার রং, জল রং, তেল রং, উডকাট প্রিন্ট, কাঠখোদাই, লিনোকাট, সেরিগ্রাফ, এচিং এবং লিথোগ্রাফ মাধ্যমে তৈরি শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে বাঙালির চিন্তা ও চেতনা, প্রকৃতির রূপ এবং সংস্কৃতির বিকাশমান ধারা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামরুল হাসানের মেয়ে সুমনা হাসান, জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছেলে মঈনুল আবেদিন। সভাপতিত্ব করেন জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত