১১৯ বছরে পা রাখলেন পৃথিবীর প্রবীণতম নারী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৩:২৪ পিএম

সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানের কানে তানাকা পৃথিবীর প্রবীণতম নারী। সম্প্রতি তিনি ১১৯ বছরে পা রেখেছেন। খবর সিএনএন।

গত ২ জানুয়ারি কানে’র নাতির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর ১১৯ বছরে পা রাখার সংবাদ জানান। সেই হিসেবে কানে তানাকা পৃথিবীর প্রবীণতম জীবিত নারী।

জুনকো তানাকা টুইটারে লিখেন, বিশাল প্রাপ্তি। (কানে তানাকা) ১১৯ বছরে পৌঁছেছেন। আশা করি, তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন।

পোস্টে তিনি কানে তানাকার দুটি ছবিও জুড়ে দেন।

জুনকো তানাকা জানান, কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কানে তানাকার জন্য উপহার হিসেবে ‘জন্মদিনের বোতল’ পাঠিয়েছে। বোতলের গায়ে কানে তানাকার নাম ও বয়স উল্লেখ করা আছে।

১৯০৩ সালে জন্ম নেওয়া কানে তানাকার বিয়ে হয় ১৯ বছর বয়সে। তার স্বামী ছিলেন চাল ব্যবসায়ী। কানে তানাকা ১০৩ বছর বয়স পর্যন্ত সেই দোকানে কাজ করেছিলেন।

কানে তানাকা তার জীবনে অনেক ঘটনা দেখেছেন। তার চোখের সামনে ঘটে গেছে দুটি বিশ্বযুদ্ধ। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির পর তিনি চলমান বৈশ্বিক করোনা মহামারিও দেখলেন।

তার জীবদ্দশায় আয়োজন করা হয়েছে ৪৯ গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিক গেমস।

কানে তানাকাকে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের উত্তরাঞ্চলীয় ফুকুয়োকা শহরের একটি নার্সিং হোমে রাখা হয়েছে। পরিবারের তথ্য মতে, অংকের প্রতি কানে তানাকার আগ্রহ বেশি।

২০১৯ সালে কানে তানাকাকে বিশ্বের প্রবীণতম জীবিত নারী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত