কক্সবাজার সৈকতে বেড়াতে আসা নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আশিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল মনসুর সিদ্দীকি শুনানি শেষে ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দলবদ্ধ ধর্ষণের ওই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন আশিক। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার ট্যুরিস্ট পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
গত ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে ১৭ মামলার আসামি আশিককে র্যাব গ্রেপ্তার করে। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে আশিককে আনা হয় কক্সবাজার কারাগারে। আশিকের বাড়ি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায়।
পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে গত ২২ ডিসেম্বর বিকেলে স্বামী ও ৮ মাসের শিশুসন্তানের সঙ্গে কক্সবাজার যান ওই নারী। সৈকতে তার স্বামীর সঙ্গে সামান্য ধাক্কা লাগে আশিকের। এর জেরে সন্ধ্যায় পর্যটন গলফ মাঠ এলাকা থেকে ওই নারীকে তুলে নিয়ে প্রথমে একটি চায়ের দোকানে এবং পরে কলাতলীর এক হোটেলে নিয়ে আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।
২৩ ডিসেম্বর রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় আশিক (২৮), মো. বাবু (২৫), ইসরাফিল হুদা (২৮), রিয়াজ উদ্দিন (৩০), অজ্ঞাতনামা আরও তিনজনসহ সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
