শতবর্ষী নারী ভোটার জেবুন্নেছা (১০৯)। হাঁটতে না পেরে ভ্যানে করে গিয়েছিলেন পঞ্চম ধাপের ভোট দিতে। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট আগেই দেয়া হয়েছে।
শতবর্ষী একজন ভোটার ভোট দিতে না পারায় বেশ আলোচনার জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
জানা গেছে, বুধবার শীত উপেক্ষা করে তিনি তার নাতিকে নিয়ে ভোটকেন্দ্রে যান। বুথে প্রবেশের পর ভোট দিতে গেলে দেখেন তার ভোট আগেই কেউ দিয়ে দিয়েছেন।
বৃদ্ধকে নিয়ে আসা নাতি জানান, তার শতবর্ষী দাদি ইচ্ছে করেছেন ভোট দেবেন। এ জন্য শীত উপেক্ষা করে ভ্যানে করে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন তিনি। কিন্তু তার ভোট আগেই দেয়া হয়েছে। পরে বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানালেও কোনো কাজ হয়নি। ভোট দিতে না পেরে ফিরে যেতে হয়েছে তাকে।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, তিনি কাউকে চেনেন না। প্রতিটা বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল। তারা যদি চিনতে না পারেন, তাহলে তিনি কি করবেন।
উল্লেখ্য, পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১২ ও হরিণাকুন্ডু উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপায় ১১২ ও হরিণাকুন্ডুতে ৮২ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
