জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছেন ১০ পুলিশসহ অন্তত ৩০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মেরুরচর ইউনিয়নের হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের সর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। ভাংচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। আগ্নিসংযোগ করা হয় পুলিশের একটি গাড়ি ও তিন মটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ৩০ জন। ঘটনার পর বন্ধ হয়ে যায় ভোটকেন্দ্রটি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ।
তিনি জানান, আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয় কাজে বাধা এবং রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের হবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে সাতজনকে।
এর আগে সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি এবং দেওয়ানগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয় শান্তিপূর্ণ পরিবেশে।
