মোহাম্মদ মালিক (২৯) নামে যুক্তরাজ্যের একজন মুসলিম যুবক বউয়ের সন্ধানে একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। লন্ডন এবং বার্মিংহামের বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে তিনি তার জীবন সঙ্গীকে খুঁজছেন।
বিলবোর্ডে স্বস্তিদায়ক ভঙ্গিতে তোলা নিজের একটি ছবি দিয়ে মালিক লিখেছেন, ‘আমাকে একটি সাজানো বিয়ে (অ্যারেঞ্জড ম্যারেজ) থেকে বাঁচান’।
তবে তিনি বলেন যে, পারিবারিকভাবে সাজানো বা আয়োজিত বিয়ের ধারণার বিরুদ্ধে নন তিনি, কিন্তু ‘প্রথমে নিজেই কাউকে খুঁজে বের করার’ চেষ্টা করতে পছন্দ করবেন।
এখন পর্যন্ত তার এই অভিনব পদ্ধতিতে স্ত্রী খোঁজার চেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছে। মালিক পেশায় একজন লন্ডন-ভিত্তিক ব্যাংক পরামর্শক।
তবে তার আশা বিশেষভাবে সেট আপ করা ওয়েবসাইট- findmalikawife.com তার ভাগ্য পরিবর্তন করবে।
শনিবার বিজ্ঞাপনটি দেওয়ার পর থেকে মালিক বলেছেন যে, তিনি ইনবক্সে শত শত আগ্রহী বার্তা পেয়েছেন।
তবে তিনি বলেন, ‘আমি এখনও সেসব দেখার সময় পাইনি। আমাকে এর জন্য কিছু সময় বের করতে হবে- আমি এই অংশটি আগে ভাবিনি’।
মালিক বলেন, বিজ্ঞাপনটি দেওয়ার আগে তিনি নারীদের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, ‘আমি পাকিস্তানি দেশি। তাই আমাদের প্রথম যে জিনিসটি সম্পর্কে বলা হয় তা হল আন্টিদের ক্ষমতা’।
কিন্তু সেই পদ্ধতি ‘কাজ করেনি’।
তারপরে, ডেটিং অ্যাপ এবং কয়েকটি ডেটিং ইভেন্ট ছিল, কিন্তু, তিনি বলেন যে, তারা তাকে ‘বেশ কদর্য’ বোধ করিয়েছে।
অবশেষে, একজন বন্ধু পরামর্শ দিয়েছিল যে তার নিজেরই বিজ্ঞাপন দেওয়া উচিত- আক্ষরিক অর্থেই।
মালিক বলেন, ‘আমি ভেবেছিলাম, কেন নয়- এতে সবচেয়ে খারাপ কী ঘটতে পারে?’
আগামী ১৪জানুয়ারী পর্যন্ত মালিকের বিলবোর্ডগুলো থাকবে। এতে তার পরিবারেরও সমর্থন রয়েছে, তার বাবা-মা প্রথম থেকেই তাকে সমর্থন যুগিয়ে গেছেন, যদিও তিনি স্বীকার করেছেন, ‘আমাকে আমার মাকে কিছুটা বাড়তি পরিশ্রম করে বোঝাতে হয়েছিল’।
