টিকার চতুর্থ ডোজে অ্যান্টিবডি বাড়ে ৫ গুণ: ইসরায়েলের গবেষণা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:২৩ পিএম

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর মানুষের শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পায় বলে ইসরায়েলের এক গবেষণায় দেখা গিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক গবেষণার প্রাথমিক ফলাফলের বরাত দিয়ে এ কথা জানান।

মঙ্গলবার ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ ডোজ দেওয়া শুরু হওয়ার পর এক সপ্তাহে, আমরা উচ্চ মাত্রার নিশ্চয়তাসহ জেনেছি যে চতুর্থ ডোজ শরীরের জন্য নিরাপদ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর আমরা টিকা দেওয়া ব্যক্তির অ্যান্টিবডির সংখ্যা ৫ গুণ বাড়তে দেখেছি।

গত ২৭ ডিসেম্বর থেকে দেশটিতে সেবা মেডিকেল সেন্টার ৪-৫ মাস আগে তৃতীয় ডোজ নেওয়ার পর অ্যান্টিবডির মাত্রা অনেক নেমে গেছে এমন দেড়শ স্বাস্থ্যকর্মীকে ফাইজার ও বায়োএনটেকের চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে।

চলতি সপ্তাহ থেকে অন্য এক গ্রুপকে চতুর্থ ডোজ হিসেবে মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে, বলেছে তারা।

চতুর্থ ডোজ পাওয়া কয়েকজন এখন পর্যন্ত যেসব হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছেন, তার সঙ্গে তৃতীয় ডোজের পর দেখা দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন কোনো পার্থক্য নেই। এসব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আছে ব্যথা, জ্বর, মাথাব্যথা।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটি ৯৪ লাখ জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের পূর্ণাঙ্গ টিকাদান শেষ হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত