‘টেস্ট জিতলে জীবন আরও সুন্দর’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০১:৩৪ এএম

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ইনজুরিতে পড়ায় তামিম ইকবাল ও ছুটিতে থাকায় সাকিব আল হাসান এই জয়ের সারথি হতে পারেননি। তবে বিশেষ এই জয়ে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন ঠিকই। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন।’ অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মুমিনুল। স্পেশাল অভিনন্দন এবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর।’

তামিম ফেইসবুকে পেইজে লেখেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!’ বাংলাদেশের জয়কে দলীয় প্রচেষ্টার সাফল্য বলেছেন তামিম, ‘এবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’ একটি ম্যাচ জয়ের পেছনে অধিনায়কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তামিম মুমিনুলের কথাও বলেছেন। ‘মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন। মুমিনুল কখনো দলের প্রতি বিশ্বাস হারায়নি। আমরা পারি, আমরা অবশ্যই পারি এ কথা বলে গেছেন সতীর্থদের সব সময়।’

বাংলাদেশ যখন গতকাল জয় থেকে ৬ রান দূরে তখনই দলকে আগাম অভিনন্দন জানান সাকিব টুইটে, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’ খেলা শেষে আরেক টুইটে অভিনন্দন জানান দলকে, ‘আমাদের ফাস্ট বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ব্যাটসম্যানরাও দারুণ খেলেছে। দিনটা উপভোগ কর। সব কৃতিত্ব তোমাদের।’

নিউজিল্যান্ডের আগে বিদেশে সর্বশেষ জয়ের নায়ক, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ফেইসবুকে লেখেন, ‘দুর্দান্ত জয়, মুমিনুল ও তার দলকে অভিনন্দন।!

পঞ্চপাণ্ডবের আরেকজন মুশফিকুর রহিম, যার ব্যাট থেকেই এসেছে ঐতিহাসিক জয় সেই মুশফিকুর রহিম সোশ্যাল মিডিয়ায় জয়ের পর তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ গতকাল ম্যাচ শেষ বে ওভালের ড্রেসিং রুমে গাওয়া ‘আমরা করবো জয়...’ গান গেয়ে সবার সাথে জয় উদযাপনে নেতৃত্ব দেন মুশফিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত