হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

দক্ষিণ কোরিয়া ও জাপান বুধবার জানিয়েছিল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বৃহস্পতিবার এ কথা বলা হয়।

উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।

কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখন এ আলোচনা বন্ধ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত