চট্টগ্রামে মানববন্ধন থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৭৫ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো এবং বাকি ২৬ জনকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান শুভ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এবং নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও কয়েকজন ঘটনায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘মানববন্ধন থেকে পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধাদান এবং পুলিশের সম্পদ বিনষ্টের অভিযোগে ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪৯ জনকে আসামি ও গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ২৬ আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আহ্বান করে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। অনুষ্ঠান শুরুর পরপরই সড়কের উভয়পাশ বন্ধ করে দেন বিএনপি নেতাকর্মীরা।
